বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে এক ফার্মেসি মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি। গতকাল রোববার নগরীর ষোলশহর ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, চান্দগাঁও এলাকার আইডিয়াল ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির অভিযোগে ৬ হাজার টাকার জরিমানা করা হয়। একই এলাকার দোলন স্টোর নামে একটি দোকানকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়েছে। এতে পাঁচটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। ফলে তাদের জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজেলা পরিষদ : বাছাই শেষে আরও ৩ একক চেয়ারম্যান প্রার্থী
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার পরিবর্তন