জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বুধবার দুপুরে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একইসঙ্গে সবগুলো শিক্ষা বোর্ড বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বুধবার দুপুর ১টা শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আর শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ আওতাধীন নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সম্পর্কিত গেজেট প্রকাশ করবে। বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত গেজেট থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে। খবর বিডিনিউজের।
গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত চলে জুনিয়র বৃত্তি পরীক্ষা। ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তদারকিতে এ পরীক্ষার ফল প্রক্রিয়া করছে ৯টি শিক্ষা বোর্ড। এ বছর ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী জুনিয়র বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। তাদের মধ্যে ১৪ হাজার ৭০০ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন।
মেধাবৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৫৬০ টাকা ও প্রতিমাসে ৪৫০ টাকা হারে বৃত্তি পাবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে ৩৫০ টাকা ও মাসে ৩০০ টাকা পাবে। আগামী দুই বছর তারা এ সুবিধা পাবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জারি করা বৃত্তির কোটা বণ্টনের আদেশ অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ২১০ জন শিক্ষার্থী মেধা বৃত্তি ও ২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে।














