জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৫:১৫ পূর্বাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২৫২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। এ বছর ১৩৮টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতির এই পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে এক ঘণ্টা চলবে। গতকাল শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, এ বছর ৮৮০টি কলেজে ভর্তির জন্য চার লাখ ৫৩ হাজার ১৪৮ জন আবেদন করেছেন। এর মধ্যে ৩৭৫টি সরকারি এবং ৫০৫টি বেসরকারি কলেজ রয়েছে। এসব কলেজে মোট আসন রয়েছে চার লাখ ৫২ হাজার ৮৭৫টি। সরকারি কলেজে দুই লাখ ৭০ হাজার ৫২০টি এবং বেসরকারি কলেজে এক লাখ ৮২ হাজার ৩৫৫টি আসন রয়েছে। সরকারি কলেজে তিন লাখ ৯৪ হাজারের বেশি এবং বেসরকারি কলেজে ৫৮ হাজার ৯১৯টি আবেদন জমা পড়েছে। খবর বিডিনিউজের।

১৩৮টি কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে নয়টি কেন্দ্র রয়েছে।

২০২৫ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও ভর্তি পরীক্ষা চালু করা হয়েছে। আগে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হত।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বাংলাখালী খালের খনন কাজ পরিদর্শনে মুখ্য সচিব
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে বন্ধ হলো মাছ শিকার