শুক্রবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে তিন মাস ৬ দিন দক্ষিণ–পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ হয়েছে। কাপ্তাই হ্রদের মাছের প্রজনন মৌসুম ঘনিয়ে আসা ও পানি কমতে থাকার ফলে এবার ছয় দিন এগিয়ে বন্ধ হলো হ্রদে মাছ শিকার। রাঙামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ এবং হ্রদের ভারসাম্য রক্ষায় প্রতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ শিকার বন্ধের নিষেধাজ্ঞা জারি করে থাকে জেলা প্রশাসন। তবে ২৫ এপ্রিল থেকে মাছ শিকার বন্ধ হলো। এসময় কাপ্তাই হ্রদের সমগ্র এলাকায় সকল প্রকার মাছ আহরণ, সংরক্ষণ/শুকানো, পরিবহন এবং বাজারজাতকরণ নিষিদ্ধ থাকে। একই সঙ্গে বন্ধ থাকে স্থানীয় বরফ কলসমূহ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে চলতি বছর কাপ্তাই হ্রদের মা মাছের প্রজননের সময় ঘনিয়ে আসায় ৬ দিন আগে অর্থাৎ ২৫ এপ্রিল রাত ১২টার পর থেকে মাছ শিকার বন্ধ হতে হলো। নির্ধারিত তিন মাস সময়ের পর মাছ শিকার শুরু হওয়ার প্রচলিত রীতি থাকলেও কাপ্তাই হ্রদের পানির ওপর নির্ভর করবে হ্রদে মাছ শিকার শুরু কবে হচ্ছে। নির্ধারিত সময়ে পর্যাপ্ত পানি না বাড়লে বর্ধিত হতে পারে নিষেধাজ্ঞার সময়ও।
কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণণকেন্দ্রের উপ–ব্যবস্থাপক মো. মাসুদ আলম বলেন, কাপ্তাই হ্রদের মাছের প্রজননের সময় ঘনিয়ে আসা ও হ্রদের পানি কমতে থাকায় ৬ দিন আগে এবার কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ হচ্ছে। যাতে করে শেষ সময়ে এসে মা মাছগুলো শিকার না হয় সেজন্য প্রায় সপ্তাহখানেক আগে মাছ শিকার বন্ধ হচ্ছে। তিন মাস হ্রদে সকল ধরণের মাছ শিকার ও স্থানীয় বরফকলগুলো বন্ধ থাকবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকার বন্ধের বিএফডিসি ও নৌ–পুলিশের টহল অব্যাহত থাকবে।














