জনতার হাতে ধরা পড়লেন সেলিম,পালিয়েছেন আরও ৩ জন

আনোয়ারায় গরু চোর আটক

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১ মে, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

আনোয়ারায় গরু চুরি করতে গিয়ে সেলিম নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত বুধবার মধ্যরাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের হাফেজ আহমদ ডিলারের বাড়ির একটি গোয়ালঘর থেকে গরু চুরির সময় তিনি আটক হন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে এলাকায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় অতিষ্ঠ গ্রামবাসী রাত জেগে বাড়ি বাড়ি পাহারা দিচ্ছেন।

বুধবার রাতে স্থানীয় নুরুল হকের গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে পালানোর সময় বিষয়টি টের পান বাসিন্দারা। এ সময় ধাওয়া দিয়ে সেলিমকে আটক করা গেলেও তার সঙ্গে থাকা আরও তিন সহযোগী পালিয়ে যান।

স্থানীয়ন ইউপি সদস্য মোহাম্মদ রায়হান বলেন, এলাকায় চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত। চুরির সময় হাতেনাতে একজনকে ধরে পুলিশে দেওয়া হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গরু চুরির ঘটনায় এলাকাবাসী একজনকে ধরে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওয়াইজ মোহাম্মদ চৌধুরীপাড়া মহল্লা উন্নয়ন পরিষদের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধজামালুল কুরআন মডেল হিফযখানায় হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান