বিশ্বকাপের পর রূপ বদলে ফেললেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। মুখের অস্ত্রোপচার করিয়ে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলেছেন ব্রাজিলীয় স্ট্রাইকার। বিশ্বকাপে ভালো ফর্মে থেকেও দলকে বেশি নিয়ে যেতে না পারলেও ‘চিন হারমোনাইজেশন’ করিয়ে খবরের শিরোনামে চলে এসেছেন ভিনি। ‘চিন হারমোনাইজেশন’ একটি প্রসাধনী চিকিৎসা। এই চিকিৎসার পর ভিনিসিয়াসের চোয়াল এবং থুতনির গঠন কিছুটা বদলে গেছে।
ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের পর গোইয়ানিয়ার একটি ক্লিনিকে এই চিকিৎসা করিয়েছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। তার এই চিকিৎসার জন্য মায়ামি থেকে এক বিশেষজ্ঞ চিকিৎসককে উড়িয়ে আনা হয়। গোপনীয়তা বজায় রাখার জন্য সে সময় সাধারণ মানুষের জন্য ক্লিনিক বন্ধ রাখা হয়। চিকিৎসার সময় ভিনিসিয়াসের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করার নির্দেশ দেওয়া হয়েছিল কর্মীদের।
বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে যাওয়ার পর কয়েক দিনের জন্য ইউরোপ ঘুরতে গিয়েছিলেন ভিনিসিয়াস। তারপর দেশে ফিরে চিকিৎসা করিয়েছেন। তার নতুন ছবি দেখে অনেকেই বলছেন, চেনাই যাচ্ছে না। খ্যাতনামীদের মধ্যে ‘চিন হারমোনাইজেশন’ যথেষ্ট জনপ্রিয়। ভিনিসিয়াসও রিয়াল মাদ্রিদের প্রাক মরসুম শিবিরে যোগ দেওয়ার আগে নিজের রূপ বদলে ফেললেন।












