প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতা যৌথভাবে আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও ইতিহাস একাডেমি ঢাকা। গত ১০ সেপ্টেম্বর কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে স্মারক বক্তৃতাটির আয়োজন করা হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোরশেদুল আলমের সভাপতিত্বে ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ তালুকদারের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন ইতিহাস একাডেমির সভাপতি প্রফেসর ড.শরীফ উদ্দিন আহমেদ ও সাবেক অতিরিক্ত সচিব মো. রোকন উদ–দৌলা। স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস একাডেমির সহ–সভাপতি প্রফেসর ড. এ. কে. এম. শাহনাওয়াজ।
অনুষ্ঠানে ‘মাজাল্লাতুল আদীব লি আজিল্লাতিস সুন্দীব : বাংলাদেশে আরবি ভাষায় প্রণীত একমাত্র স্থানীয় ইতিহাস গ্রন্থের মূল্যায়ন’ শীর্ষক স্মারক বক্তব্য প্রদান করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। প্রফেসর ড. কে এম মোহসীনের জীবন বৃত্তান্ত পাঠ করেন ইতিহাস একাডেমির সহ–সম্পাদক ড. মো. কামরুজ্জামান এবং স্মারক বক্তা প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকীর জীবনী পাঠ করেন চবি স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. মোরশেদুল আলম বলেন, এসব একাডেমিক আয়োজনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, লেখক ও গবেষকরা সমৃদ্ধ হয়েছেন। ভবিষ্যতে এ ধরনের স্মারক বক্তৃতা, সেমিনার ও আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের মাধ্যমে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগসহ বিশ্ববিদ্যালয়কে জ্ঞান চর্চা ও গবেষণার উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
স্মারক বক্তৃতা অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র্যাংকিংয়ে পৌঁছাতে বা একাডেমিক এক্সিলেন্সি অর্জন করতে এসব প্রোগ্রাম অর্থবহ ভূমিকা রাখবে। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ইতিহাস একাডেমির সাধারণ সম্পাদক ড. মো. শাহিনুর রশীদ, ড. এস এম মোস্তাফিজুর রহমান, ড. ফজিলাতুনন্নেছা, মিলি রহমান, মাসুম খান প্রমুখ।












