বিশ্ব ফিজিওথেরাপি দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

| শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

বিশ্ব ফিজিওথেরাপি দিবস২০২৬ উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফিজিওথেরাপি প্র্যাক্টিশনারস, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ফিজিওথেরাপি পেশাজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থী, চিকিৎসা ও পুনর্বাসনসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ বছরের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্য হলো-“হৃদ্‌রোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা ও পুনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কর্মকাণ্ডের ভূমিকা।”

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফিজিওথেরাপি প্র্যাক্টিশনারস, চট্টগ্রামের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক দেব দুলাল ভৌমিক। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে হৃদ্‌রোগ ও স্ট্রোক অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি। এসব রোগের প্রতিরোধ, চিকিৎসাপরবর্তী পুনর্বাসন এবং রোগীর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার ক্ষেত্রে নিয়মিত শারীরিক কর্মকাণ্ড ও বৈজ্ঞানিক ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিশ্ব ফিজিওথেরাপি দিবস কেবল একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এ দিবসের মাধ্যমে জনগণের মাঝে ফিজিওথেরাপির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা এবং একটি সুস্থ, কর্মক্ষম ও স্বনির্ভর জনগোষ্ঠী গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি প্র্যাক্টিশনারস, চট্টগ্রামের সদস্য সচিব মোঃ শহিদ খান, মোঃ মিজানুর রহমান, মোঃ জাহেদুল ইসলাম, মোঃ ওয়াদিফ ওয়ালি ফারাবী, মোঃ খলিলুর রহমান, মোঃ এ. কে. এম. আজিজুল হক, মোঃ আহসান উদ্দিন, মোঃ শামীমা নাসরীন, মোঃ কামরুল হাসান ও শারমিন আবেদা রফিক। আলোচনা সভায় বক্তারা হৃদ্‌রোগ ও স্ট্রোক প্রতিরোধে নিয়মিত শারীরিক ব্যায়াম ও সক্রিয় জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস এবং প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের পরামর্শ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগং রয়েলসের ৫০০ গাছের চারা বিতরণ