চবিতে ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক নিয়ে কর্মশালা

| মঙ্গলবার , ২৪ জুন, ২০২৫ at ৬:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিল ও আইকিউএসির যৌথ উদ্যোগে ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বিষয়ে এক কর্মশালা গতকাল সোমবার ব্যবসায় প্রশাসন অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রেজেন্টেশন প্রদান করেন বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের পরিচালক মোহাম্মদ তাজিব উদ্দিন।

উপাচার্য বলেন, প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকার জন্য এবং নিজ নিজ সক্ষমতা জানান দিতে দক্ষ ও আন্তর্জাতিক মানের জনশক্তি তৈরি করতে হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বর্তমান প্রশাসন একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীদের উৎসাহিত করছে। তিনি আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক মানের কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষক–শিক্ষার্থীদের জ্ঞান ও গবেষণায় সমৃদ্ধ করার কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

প্রধান অতিথি প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বায়নের এই যুগে নিজেদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হলে শিক্ষা ব্যবস্থার রূপান্তর প্রয়োজন। প্রচলিত সিলেবাসভিত্তিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিকমানের গবেষক তৈরি সম্ভব নয়। তিনি সৃজনশীল শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যসহ মোট ১১৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা নৌ কাব কার্নিভাল
পরবর্তী নিবন্ধসিপিডিএল’র বিনিয়োগ সেবা কার্যক্রম গ্যারান্টেড রিটার্ন অন ইনভেস্টমেন্ট