চন্দনাইশে ক্রস ফিলিংয়ের কারখানা, জব্দ ৭০ সিলিন্ডার

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:১৪ পূর্বাহ্ণ

চন্দনাইশে অবৈধভাবে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে এলপিজি গ্যাস স্থানান্তরের (ক্রস ফিলিং) একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গ্যাসভর্তি ২০টি ও খালি ৫০টি এলপিজি সিলিন্ডার এবং গ্যাস ক্রস ফিলিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। তিনি বলেন, অভিযানে জব্দ করা গ্যাসভর্তি ২০টি সিলিন্ডার সোমবার (গতকাল) বেলা সাড়ে ১১টার দিকে চন্দনাইশ পৌরসভা কার্যালয়ে উন্মুক্ত নিলামে দেওয়া হয়। ভরা গ্যাস সিলিন্ডার দীর্ঘ সময় সংরক্ষণে নিরাপত্তাঝুঁকি থাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী দ্রুত নিষ্পত্তির জন্য এগুলো নিলামে বিক্রি করা হয়েছে। জব্দ করা প্রায় ৫০টি খালি সিলিন্ডার আইনি প্রক্রিয়া শেষে সুবিধাজনক সময়ে নিলামে বিক্রি করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে একেএম ফজলুল কাদের চৌধুরী হল নামকরণের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধমহেশখালীতে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু