চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে

দক্ষিণ জেলা বিএনপির সভায় শামীম

| রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে সফল করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগ জুড়ে নেতাকর্মীরা প্রস্তুতি সভা করছেন। চট্টগ্রামের এই সমাবেশে পুরো বিভাগ থেকে লোকজন আসবে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। বিএনপি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।

তিনি গতকাল শনিবার বিকেলে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, চট্টগ্রামের পলোগ্রাউন্ড ও ঢাকার সমাবেশে সরকারের শত বাধা বিপত্তির পরও লোকে লোকারণ্য হয়েছিল। চট্টগ্রাম হচ্ছে রাজনীতির তীর্থ স্থান। এই চট্টগ্রাম থেকে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি লড়াই করে ব্যর্থ হননি। আমরাও হব না। আওয়ামী লীগ যে গণতন্ত্রকে হত্যা করেছে, আমরা লড়াই করে তা পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, শাখাওয়াত জামান দুলাল, মনজুর উদ্দিন চৌধুরী, এডভোকেট এস এম ফোরকান, মোস্তাফিজুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, এডভোকেট কাশেম চৌধুরী, মোস্তাফিজুর রহমান, নুরুল কবির, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, এডভোকেট শওকত উছমান, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আবুল কালাম আবু, মাস্টার লোকমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, জসীম উদ্দীন, নুরুল আবসার, হাসান চেয়ারম্যান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিনামূল্যে চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী
পরবর্তী নিবন্ধতালসরা দরবারে ওরশ আজ