চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং ওভারফ্লো ইয়ার্ড ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর সিনেমা প্যালেস হতে আন্দরকিল্লা পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলার কোষাধ্যক্ষ ঋশু সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ দেব নাথ, সহকারী সম্পাদক দীপ্ত নূর, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, কোতোয়ালি থানার সভাপতি নাবিলা তাজিন ও সাংগঠনিক সম্পাদক রনি কান্তি দেব। বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি নয়, এটি আমাদের জাতীয় অর্থনীতির লাইফলাইন এবং সার্বভৌমত্বের প্রতীক। পিপিপি বা উন্নয়নের চটকদার স্লোগান দিয়ে দেশের প্রধান কৌশলগত অর্থনৈতিক সম্পদ বিদেশি লুটেরা বহুজাতিক কোম্পানির হাতে তুলে দেওয়ার এই সিদ্ধান্ত চরম গণবিরোধী এবং জাতীয় স্বার্থ পরিপন্থী। প্রেস বিজ্ঞপ্তি।










