চট্টগ্রাম জোনে ৭৫ শতাংশ গ্রাহক প্রিপেইড মিটারের আওতায়

পিডিবির মাসিক রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ৪শ’ কোটি টাকা প্রকল্পের কাজ শেষ হচ্ছে ৩০ জুন

শুকলাল দাশ | সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

পিডিবি চট্টগ্রাম জোনে (চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা) প্রিপেইড মিটার বসানো প্রকল্পের কাজ শেষ হচ্ছে চলতি জুনের ৩০ তারিখ। পুরো চট্টগ্রাম জোনে এ পর্যন্ত ৭৫ শতাংশ গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় এসেছে বলে জানান চট্টগ্রাম অঞ্চলে প্রিপেইড মিটার প্রকল্পের পরিচালক ও পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাজহারুল ইসলাম। এছাড়া লোকাল বাজার থেকেও গ্রাহকরা প্রতিনিয়ত প্রিপেইড মিটার বসাচ্ছেন বলে পিডিবি সূত্রে জানা গেছে।

পিডিবি চট্টগ্রাম অঞ্চলের এক তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, প্রিপেইড মিটার প্রকল্প বাস্তবায়নের কারণে পিডিবির রাজস্ব আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। সারাবছর (শীতকাল ছাড়া) পিডিবির রাজস্ব আয় গড়ে ৪০০ কোটি টাকার উপরে। বিউবো বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান দপ্তর থেকে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় বিদ্যুতের মোট গ্রাহক ১৬ লাখ ২৮ হাজার। চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুতের প্রিপেইড মিটারের আওতায় এসেছে প্রায় ৯ লাখ গ্রাহক।

চট্টগ্রাম অঞ্চলে প্রিপেইড মিটার প্রকল্পের পরিচালক ও পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাজহারুল ইসলাম আজাদীকে বলেন, আমার অধীনে পিডিবি চট্টগ্রাম জোনে (চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা) প্রিপেইড মিটার বসানোর কাজ চলতি জুনের ৩০ তারিখ শেষ হবে। চট্টগ্রাম অঞ্চলে পিডিবির প্রিপেইড মিটার বসানোর প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। আমার এ প্রকল্পের অধীনে চট্টগ্রাম জোনে ৩ লাখ ৯৭ হাজার মিটার বসানোর কাজ শেষ হয়েছে। চট্টগ্রাম জোনে পিডিবির এ পর্যন্ত ৭৫ শতাংশ গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় এসেছে। আমার আগে আরও একটি প্রকল্পের অধীনে প্রিপেইড মিটার বসানো হয়েছে। এছাড়া লোকাল বাজার থেকে নিয়েও প্রিপেইড মিটার বসানো হয়। গ্রাহকের আগের পুরনো মিটার নষ্ট হলে লোকাল বাজার থেকে প্রিপেইড মিটার নিয়ে বসানো যায়।

প্রকল্পের অর্থায়নের ব্যাপারে প্রকল্প পরিচালক প্রকৌশলী মাজহারুল ইসলাম জানান, মোট ৬১৯ কোটি টাকার এই প্রকল্পে পিডিবির নিজস্ব অর্থায়ন রয়েছে ১২০ কোটি টাকা এবং সরকারের ১শ’ ৬৯ কোটি টাকা। অবশিষ্ট টাকা এডিবির। প্রকল্পের অধীনে চায়না থেকে প্রতিটি প্রিপেইড মিটার ক্রয়ে পিডিবির ৭ হাজার টাকা খরচ হয় বলে জানান প্রকৌশলী মাজহারুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ছাত্রদল-শিবিরের পৃথক কর্মসূচি, পাল্টাপাল্টি স্লোগান
পরবর্তী নিবন্ধমহাসড়কে উল্টে গেল বাইক, বাঁচাতে গিয়ে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ