মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন এক মিনি কাভার্ডভ্যান চালক। গতকাল রোববার দুপুর ১টার দিকে সীতাকুণ্ড উপজেলা পরিষদ গেইটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ভারী বৃষ্টি হচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল দক্ষিণ বাইপাস এলাকা অতিক্রম করছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় পেছনে থাকা একইমুখী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে হঠাৎ করে ব্রেক করেন। ফলে তার পেছনে থাকা অপর একটি মিনি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে মিনি কাভার্ডভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক গাড়িতে আটকা পড়েন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আহত চলককে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতলে নিয়ে যায়। তবে মোটরসাইকেল আরোহী এবং সামনে থাকা কাভার্ডভ্যানটি ঘটনাস্থল থেকে পুলিশ আসার আগেই দ্রুত পলিয়ে যায়। এ ঘটনার পর ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজট সৃষ্টি হয়। এটি উপজেলা গেইট থেকে শুরু করে বড় দারোগারহাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ ছিল। পরে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত মিনি কাভার্ডভ্যানকে রেকার দিয়ে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার বলেন, ঘটনার পর মিনি কাভার্ডভ্যানকে সড়ক থেকে রেকার দিয়ে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।












