চবিতে ছাত্রদল-শিবিরের পৃথক কর্মসূচি, পাল্টাপাল্টি স্লোগান

চবি প্রতিনিধি | সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে পৃথক কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। এ সময় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন উভয় সংগঠনের নেতাকর্মীরা। গতকাল রোববার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় পৃথকভাবে তাদের কর্মসূচি পালন করে সংগঠন দুটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক সাজানোর’ অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীরা ‘বাহ, শিবির চমৎকার, ধর্ষকদের পাহারাদার’, ‘ধর্ষকের নাটক করে যারা, দেশবিরোধী তারা’ সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘৭১ এ এদের ধর্ষকের ভূমিকা ছিল, এখন ২৬ এ তারা সেই ভূমিকা পালন করছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। আমরা সহঅবস্থান চাই, তবে কোনো ধর্ষককে মেনে নেব না। আগের দিন নাই। এ দিন জুলাইপরবর্তী দিন।’

অপরদিকে, বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রশিবির।

মিছিলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ‘মনির তুই ধিক্কার, হিজাব নারীর অধিকার’, ‘হিজাব নিয়ে দিলে টান’, গদি হবে খানখান’, ‘বাহ, খাম্বা চমৎকার, ধর্ষকদের পাহারাদার’ সহ বিভিন্ন স্লোগান দেন।

শাখা ছাত্রশিবিরের ছাত্র অধিকার সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একজন এমপি হিজাব নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের মন্তব্য একজন ইউপি সদস্যের কাছ থেকেও প্রত্যাশিত নয়। বাংলাদেশের সংবিধানেও পোশাকের স্বাধীনতার কথা বলা হয়েছে। অথচ জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন এমপি পোশাক নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন। আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জোনে ৭৫ শতাংশ গ্রাহক প্রিপেইড মিটারের আওতায়