চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

| সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি গতকাল রোববার সকাল ৯টায় চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, আউটডোর, ইনডোর, আইসিইউ, এইচডিইউ ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ড এবং ওয়াশিং প্ল্যান্ট ও রান্নাঘর পরিদর্শন করেছেন।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. একরাম হোসেন ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশিক আমানকে সাথে নিয়ে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনকালে হাসপাতালে কর্মরত চিকিৎসক–নার্স ও কর্মচারীরা সঠিক সময়ে উপস্থিত হয় কিনা সে বিষয়টি তদারকির পাশাপাশি চিকিৎসার জন্য হাসপাতালে আগত ও ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলে তাদের সুচিকিৎসার খোঁজ–খবর নেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

এ সময় তিনি বলেন, জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করতে টিম জেনারেল হাসপাতালকে আন্তরিক হতে হবে। হাসপাতালে আগত রোগীরা যাতে তাদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পায় সে বিষয়টির পাশাপাশি পরিষ্কার–পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। হাসপাতালের জনবল নিয়োগ ও লজিস্টিক সাপোর্টের বিষয়ে গুরুত্বারোপ করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। পরে তত্ত্বাবধায়কের মাধ্যমে জেনারেল হাসপাতালের জন্য ১০০ পিস ডেঙ্গু কিট প্রদান করেন স্বাস্থ্য পরিচালক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর গণপরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল ঘোষণা