আগামী ২১ এপ্রিল চট্টগ্রামসহ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এবার চট্টগ্রামে পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজারের বেশি কমে গিয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার ৬৭৩ শিক্ষার্থী। এবার পরীক্ষার্থী কমেছে ১০ হাজার ৫ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা কমেছে ৪ হাজার ৬৭৮ জন এবং ছাত্রের সংখ্যা কমেছে ৫ হাজার ৩২৭।
চট্টগ্রাম বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষা দেবে। এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলায় এসএসসি পরীক্ষায় ৫৬ হাজার ৩২৫ জন ছাত্র এবং ৭৪ হাজার ৩৪৩ জন ছাত্রী ২১৮টি পরীক্ষা কেন্দ্রে পরিক্ষায় অংশ নেবে।
চট্টগ্রাম বোর্ড সূত্র জানিয়েছে, পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এবার ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।
এর মধ্যে ৬৬টি সাধারণ ভিজিল্যান্স এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও বোর্ডের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।











