রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ায় অন্দ্রিলা দেব (১১) নামে এক শিশুর গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে চন্দ্রঘোনা থানা পুলিশ। মারা যাওয়া ওই শিশু বাঙালহালিয়া চাইল্ড মর্নিং স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং বাঙালহালিয়া ইউনিয়নের দক্ষিণেশ্বর কালীমন্দির সংলগ্ন এলাকার মৃত অপু দেব ও বিপাশা দেবের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর অন্দ্রিলা দেব তার দাদু বিমল দেবের বাসায় থেকে লেখাপড়া করতো। ঘটনার দিন শুক্রবার তার ছোট ভাইয়ের সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপরই সে আত্মহত্যা করেছে বলে পরিবারের ধারণা। তবে স্থানীয়দের অনেকের ধারণা, ১১ বছরের শিশু আত্মহত্যা করার মতো নয়। এটি নিছক আত্মহত্যা নাকি খুন– তার তদন্ত প্রয়োজন। স্থানীয় ইউপি সদস্য শিমুল দাস বলেন, অভিমান করে শিশুটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় অবগত করা হয়েছে।
এদিকে চন্দ্রঘোনা থানার ওসি সাকের আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যায়। তবে শিশুটির মা বা পরিবারের কারো অভিযোগ না থাকায় মৃতদেহ সৎকার করার অনুমতি দেয়া হয়েছে।












