করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন শনাক্তে এক ধরনের কিট আনছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। দক্ষিণ কোরিয়া থেকে কেনা একশ কিট আজ (সোমবার) দুপুর নাগাদ বিশ্ববিদ্যালয়ে পৌঁছবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর গৌতম বুদ্ধ দাশ। উপাচার্য বলেন, এ কিটের মাধ্যমে প্রাথমিকভাবে আমরা একটা ফলাফল বা ধারণা পাবো। তবে চূড়ান্ত ফলের জন্য ভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হবে। মূলত বিদেশ ফেরতদের মাঝে কোভিড আক্রান্ত বা কোভিডের লক্ষণ রয়েছে এমন সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করে এ কিটের মাধ্যমে পরীক্ষা করা হবে। সিভিল সার্জনকে আমরা বিষয়টি অবহিত করেছি। উনারা সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করে আমাদের ল্যাবে পাঠালেই আমরা পরীক্ষা শুরু করতে পারবো। দক্ষিণ কোরিয়া থেকে একশ কিট ক্রয়ে ১ লাখ ৬০ হাজার টাকা খরচ পড়েছে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ।
প্রসঙ্গত, ইতোমধ্যে বিশ্বের ৩৫টির বেশি দেশে এই ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গেছে। প্রতিবেশি দেশ ভারতেও শনাক্ত হয়েছে ওমিক্রন। এর প্রেক্ষিতে আফ্রিকাসহ বেশ কয়টি দেশের সাথে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ সতর্কতা জারি করেছে। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগও এ নিয়ে বেশ কিছু নির্দেশনা জারি করেছে।













