কর্ণফুলী উপজেলার ইছানগর বাংলাবাজার ঘাটে নৌ–পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার সকাল ৮টার দিকে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ঘাটটি ব্যবহারকারী কয়েকশ যাত্রী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘাটটি দীর্ঘদিন ধরে ইজারা না হওয়ায় সাম্পান সমিতির লোকজন পারাপারের ভাড়া ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা আদায় করছে। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বক্তারা বলেন, যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। দ্রুত আগের নির্ধারিত ১৫ টাকা ভাড়া বহাল রাখার দাবি জানান তারা। অন্যথায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বাংলাবাজার ঘাটের ইজারা দিয়ে থাকে। তবে মামলা–সংক্রান্ত জটিলতার কারণে গত তিন বছর ধরে ঘাটটিতে খাস কালেকশনের মাধ্যমে পরিচালনা কার্যক্রম চলছে। এদিকে সাম্পান সমিতির দাবি, খাস কালেকশন বাবদ প্রতিদিন প্রায় ৮ হাজার টাকা সিটি করপোরেশনকে জমা দিতে হয়। পাশাপাশি দৈনিক আরও প্রায় ২ হাজার টাকা পরিচালনায় ব্যয় রয়েছে। ঘাটটিতে প্রতিদিন ৫০ থেকে ৬০টি নৌকা চলাচল করে এবং মাঝিদের বেতন ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী ভাড়া সমন্বয় করা হয়েছে বলে দাবি তাদের। অভিযোগের বিষয়ে ইছানগর বাংলাবাজার সাম্পান সমিতির সভাপতি লোকমান দয়াল বলেন, “সিটি করপোরেশনের নির্দেশনা অনুযায়ী ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় কর্ণফুলী নদীর ব্রিজঘাট ছাড়া অধিকাংশ ঘাটে ৫ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। শিগগিরই ব্রিজঘাটেও ভাড়া সমন্বয় হতে পারে।”










