‘ওয়ারফেজের’ একুশে পদক আবেগতাড়িত টিপু বললেন, একদম অপ্রত্যাশিত

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৪ পূর্বাহ্ণ

এমনিতেই চল্লিশ বছর পূর্তির আনন্দে ভাসছিল ‘ওয়ারফেজ’। বিকেলে অভাবনীয় এক খবর সেই আনন্দ নিয়ে গেল তুঙ্গে। বাংলাদেশের কোনো ব্যান্ড হিসেবে প্রথমবারের মত ‘একুশে পদক’ পাচ্ছে ওয়ারফেজ। এই খবরে রীতিমত অভিভূত ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু। আমাদের জন্য এটা একদম অপ্রত্যাশিত, এই ধরনের স্বীকৃতি পাবো, এটা আমাদের ভাবনার বাইরে, প্রাথমিক প্রতিক্রিয়া এমনই ছিল তার।

গতকাল বৃহস্পতিবার বিকেলে খবরটি যখন পান, তখন মিরপুর জাতীয় স্টেডিয়ামে টিটোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পারফর্মের প্রস্ততি নিচ্ছিল দলটি। পারফর্ম শেষে টিপু বলেন, মঞ্চে ওঠার ঠিক চার মিনিট আগে এই অভাবনীয় খবরটি পাই। খবরটি পাওয়ার পর আমরা সবাই এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম যে, একে অপরকে জড়িয়ে ধরলাম। কনসার্ট শেষ করে গাড়িতে উঠলাম, খবরটি মনে করে চোখে পানি চলে আসছে। এটি সত্যি এক অনন্য অনুভূতি।

অনুভূতি জানিয়ে এই শিল্পী বলেন, সত্যি বলতে, আমরা কেউই কখনো চিন্তা করতে পারিনি, আমরা এই ধরনের একটি সংবাদ পাব। এটি আমাদের ভাবনার বাইরে এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। বাংলাদেশি ব্যান্ড হিসেবে ‘ওয়ারফেজই’ প্রথম এই সম্মানজনক পদক পাচ্ছে বলে জানান টিপু।

এটি শুধু আমাদের ব্যান্ডের নয়; বরং পুরো ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির অর্জন। এই স্বীকৃতি আমাদের ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য থেকে শুরু করে প্রাক্তন এবং বর্তমান সকল সদস্যের, সবার জন্যই এটি একটি বড় পাওয়া। এছাড়া আমাদের সকল দর্শকশ্রোতা এবং যারা সাংবাদিক বা মিডিয়ার মাধ্যমে আমাদের সাপোর্ট দিয়েছেন, এই অর্জন তাদেরও।

ওয়ারফেজের এই অর্জন পুরো ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটি মাইলফলক হয়ে থাকবে জানিয়ে টিপু বলেন, বাংলাদেশে আরও অনেক যোগ্য ব্যান্ড রয়েছে যারা এই ধরনের রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার দাবি রাখে। ওয়ারফেজের এই অর্জনে ব্যান্ড মিউজিকের আরও গতি সঞ্চারিত হবে বলে আমার বিশ্বাস। খবর বিডিনিউজের।

নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে এই শিল্পী বলেন, এই পদক নতুন প্রজন্মকে ভালো গান করার জন্য উৎসাহিত করবে। এই পদক দেখে তরুণ শিল্পীরা ভাববেন, উনারা যদি পেতে পারেন, তবে পরিশ্রম করলে আমরাও পাবো, যা পুরো ইন্ডাস্ট্রিকে আরও গতিশীল করবে।

সংগীতজীবনের চল্লিশ বছরের পথচলা পার করেছে ব্যান্ড ওয়ারফেজ। যাত্রালগ্ন থেকে এই ব্যান্ডের সঙ্গে আছেন মনিরুল আলম টিপু। অনেক ভাঙাগড়ার মধ্যেও দীর্ঘসময় ধরে ব্যান্ডটিকে ধরে রেখেছেন তিনি। দলটির জন্য এই স্বীকৃতি তাদেরকে আরও দায়িত্বশীল করে তুলবে জানিয়ে এই শিল্পী বলেন, এই স্বীকৃতি ব্যান্ডের আগামীর পথকে আরও মসৃণ করবে এবং ওয়ারফেজকে সামনে এগিয়ে নিতে আরও দায়িত্বশীল করবে।

১৯৮৪ সালের ৫ জুন যাত্রা করে ওয়ারফেজ। ১৯৯১ সালে ওয়ারফেজ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করে। ২০২৪ সালে দলটি সংগীতযাত্রার ৪০ বছর পূর্ণ করে, এই দীর্ঘপথচলাকে ঘিরে ওই বছরের আগস্ট থেকে দলটি দেশবিদেশে লেগ্যাসি কনসার্ট ট্যুর করে। কয়েকটি দেশ ঘুরে দলটির ‘ফোরটি ইয়ার্স লেগ্যাসি কনসার্ট ট্যুর’ নিয়ে যাওয়ার কথা ছিল দেশের নানা প্রান্তে। তবে দেশের সার্বিক পরিস্থিতির জন্য তা আপাতত স্থগিত।

ওয়ারফেজ তাদের ‘পথচলা ২’ নামে একটি অ্যালবামের কাজ করছে। যেখানে তাদের পুরনো গানগুলো ফিরছে নতুনভাবে। অ্যালবামের দুটি গান ‘অন্ধ জীবন’ ও ‘অবাক ভালোবাসা’ গেল বছর প্রকাশ হয়েছে। টিপু জানিয়েছেন, ‘পথচলা ২’ অ্যালবামের কাজ চলছে, আরও দুই একটা গান প্রচার হবে। এছাড়াও সাত থেকে আটটি গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করবে ওয়ারফেজ।

চার দশকের পথচলায় দলটি উপহার দিয়েছে বসে আছি, নেই প্রয়োজন, অসামাজিক, অবাক ভালোবাসা, জননী, যত দূরে, বেওয়ারিশ, মহারাজ, তোমাকে, পূর্ণতা, সত্য, রূপকথা’র মত জনপ্রিয় গান। প্রকাশ পেয়েছে ব্যান্ডের আটটি অ্যালবাম।

একুশে পদকের এবারের তালিকায় বিনোদন অঙ্গনের আরও আছেন ব্যান্ডসংগীতের প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু ও অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। এছাড়া নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার এবং নৃত্যকলায় একুশে পদক পাচ্ছেন অর্থী আহমেদ। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোহামেডান,বন্দর সেমিফাইনালে
পরবর্তী নিবন্ধআবুধাবিতে প্রথম দিনের শান্তি বৈঠক ফলপ্রসূ, বলল ইউক্রেন