বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন মীরসরাইয়ের শামছুন্নাহার বেগম। গতকাল সোমবার সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ তালিকা প্রকাশ করেন। এতে মীরসরাইয়ের শামছুন্নাহার বেগমের নাম রয়েছে।
শামছুন্নাহার বেগম মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের অনাই বাড়ির বাসিন্দা, পেশায় শিক্ষিকা। তিনি জামায়াতে ইসলামীর মজলিসে শূরার সদস্য ও উত্তর জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি। তিনি হাটহাজারীর ফজলুল কাদের চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা। তাঁর স্বামী নুরুল করিম রাঙামাটির লংগদু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শামছুন্নাহার বেগমের বাবার বাড়ি সীতাকুণ্ড উপজেলায় বলে জানা গেছে।
বিডিনিউজ জানায়, মনোনয়ন পাওয়া ১৩ জনের মধ্যে জামায়াতে ইসলামীর নয়জন ও এনসিপির দুজন রয়েছেন। এর বাইরে বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা থেকে একজন করে মনোনয়ন পেয়েছেন। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিং হয়। এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, জাগপার সহ–সভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদও উপস্থিত ছিলেন।
১৩ জনের তালিকায় রয়েছেন– জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মারজিয়া বেগম, ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নী, মহিলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেট মহানগর মহিলা জামায়াতের সেক্রেটারি মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল মহিলা জামায়াতের পরিচালক সাজেদা সামাদ, মহিলা জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।














