ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভেঙে খানখান হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবার দলীয় প্রতীক জোড়া ঘাসফুল হারানোর ঝুঁকিতে পড়েছে। খবর বিডিনিউজের।
দল ভেঙে বেরিয়ে আসা তৃণমূলের বিদ্রোহী নেতারা সোমবার দলের চেয়ারপারসনের পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদকের পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছেন। দলের নতুন চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে হাওড়ার মধ্য বিধানসভার বিধায়ক ও রাজ্যের সাবেকমন্ত্রী অরূপ রায়কে। সাধারণ সম্পাদক হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ ৪ জন। মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, এবার বিদ্রোহীরা দলীয় প্রতীক কব্জা করবেন কিনা, সেই জল্পনা শুরু হয়েছে।
ঘটনার পর মমতাপন্থি তৃণমূল নেতারা বিদ্রোহীদের বেঈমান বলতে ছাড়েননি। আট নেতাকে কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে। কিন্তু তাতে দলের প্রতীক হাতছাড়া হওয়া আটকানো যাবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় রয়েছে। কারণ নির্বাচন কমিশনকে নতুন কমিটির কথা জানানো হবে বলে ইতোমধ্যে ঘোষণা করেছেন ঋতব্রত। রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, নির্বাচন কমিশনকে নতুন কমিটির কথা জানালে জোড়া ঘাসফুল প্রতীকের দখল পাওয়া বিদ্রোহীদের পক্ষে খুব একটা কঠিন হবে না। তাই চুপ করে বসে নেই তৃণমূলের বিদ্রোহী সাংসদরা।












