তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ৪০ জনের মৃত্যু

| বুধবার , ২৪ জুন, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা ইউরোপ। কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে, কোথাও ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, বেলজিয়াম, স্পেন, জার্মানি, সুইজারল্যান্ডসহ ইউরোপের বেশির ভাগ দেশ এখন তাপপ্রবাহের কবলে। সবচেয়ে খারাপ পরিস্থিতি ফ্রান্সের। খবর বিডিনিউজের।

দেশটির অর্ধেকের বেশি অঞ্চল তীব্র তাপপ্রবাহের বিপর্যস্ত। প্রচণ্ড গরম থেকে বাঁচতে গিয়ে সমপ্রতি কয়েকদিনে ফ্রান্সে পানিতে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এক জরুরি বৈঠকের আগে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।

তিনি জানান, গত ১৮ জুন থেকে কোনো রকম লাইফগার্ড বা নজরদারিহীন জলাশয়গুলোতে সাঁতার কাটতে গিয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। মূলত প্রচণ্ড গরম থেকে একটু স্বস্তি পেতে ফ্রান্সের সব বয়সী মানুষ দলে দলে নদী ও খালে নামছেন। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি জানান, তীব্র গরম থেকে বাঁচার এই আকুলতা তিনি বুঝতে পারছেন; তবে অনিরাপদ বা নিষিদ্ধ এলাকাগুলোতে সাঁতার কাটার বিষয়ে সবাইকে কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি। গরমের কারণে ফ্রান্সে স্কুল, কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৮৪৫টি স্কুল ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। ১৮০০টি স্কুলে পাঠদান হচ্ছে সকালের দিকে। সোমবার ফ্রান্সের সর্বোচ্চ তাপমাত্রা আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেশ ৭৪.৪২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধএবার দলীয় প্রতীক হারানোর ঝুঁকিতে মমতার তৃণমূল