টানা ভারী বর্ষণের কারণে বোয়ালখালী পৌরসভা এলাকার পশ্চিম গোমদন্ডী ৮ ওয়ার্ডের প্রায় ২০০ পরিবারের মানুষকে পানিবন্দী হয়ে পড়া থেকে উদ্ধার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।
খবর পেয়ে গতকাল বুধবার বিকালে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং এলাকাবাসীদের সাথে নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে এলাকাবাসী পানিবন্দী হওয়া থেকে রক্ষা পায়। ভুক্তভোগীরা বলেন, পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাজিরপুল এলাকায় সড়কের কালভার্ট ভরাট করে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন প্রভাবশালী এক ব্যক্তি। এ সময় ভুক্তভোগীরা বাধা দেন এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। কিন্তু এর কোনো সমাধান হয়নি। ফলে বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে জলাবদ্ধ হয়ে পড়েন ১০টি বাড়ির প্রায় ২০০ পরিবার।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, বালু দিয়ে কালভার্ট বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। যার কারণে ২০০ পরিবারের মানুষ বর্ষায় পানিবন্দী হয়ে পড়ে। উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি–পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমি সেই স্থানে যাই। দ্রুততার সঙ্গে মানুষের এ দুর্ভোগ নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। তিনি বলেন, যারা খাল ও কালভার্ট ভরাট করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে অবিলম্বে তা নিজ উদ্যোগে অপসারণ না করলে জনস্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











