চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দের সাথে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের মতবিনিময় গত ১১ আগস্ট নগরীর আগ্রাবাদে সিজিও বিল্ডিংয়ে সমিতির সি১ নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান সাগর।
সভায় প্রধান অতিথি এনবিআর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের নিকট আয়কর আইনের উপর কিছু সংশোধনী প্রস্তাবনা লিখিত আকারে পেশ করা হয়। প্রস্তাবনায় টার্ন ওভার ট্যাক্স, রপ্তানি আয়ের প্রণোদনার উপর আয়কর এবং ফার্মের আয়ের উপর কর হার সংক্রান্ত সংশোধন প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়।
অনুষ্ঠানে এনবিআরের সদস্য (কর প্রশাসন), চট্টগ্রামস্থ কর আপিলাত ট্রাইবুনালের সদস্য, কর আপিল অঞ্চলের কর কমিশনার ও কর অঞ্চলসমূহের কর কমিশনারবৃন্দ এবং সমিতির প্রাক্তন সভাপতিবৃন্দ, প্রাক্তন সাধারণ সম্পাদকবৃন্দ, কার্যকরী সংসদের কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং সিনিয়র কর আইনজীবীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












