আল-আকসায় ফের ইসরায়েলি হামলা আহত ৪২

| শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ৮:২৯ পূর্বাহ্ণ

জেরুজালেমের পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৪২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গতকাল শুক্রবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এর আগে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছিল। খবর বাংলানিউজের।

প্রতিবেদনে বলা হয়, আহতদের অধিকাংশের শরীরের উপরের অংশে আঘাত লেগেছে। পবিত্র রমজান মাসের শেষ জুমার নামাজকে সামনে রেখে বৃহস্পতিবার দিনগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, দাঙ্গাকারীরা পাথর ও পটকা নিক্ষেপের পরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল–আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দাঙ্গাবিরোধী ব্যবস্থা প্রয়োগ করেছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

প্রত্যক্ষদর্শী ও এএফপির প্রতিবেদকেরা জানিয়েছেন, পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। ফজরের নামাজের পর সংঘর্ষের মাত্রা কমে আসে বলেও জানান তারা। তবে ঘটনাস্থলে এখনও উত্তেজনা বিরাজ করছে। মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান। আর ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে খ্যাত। তারাও এটিকে তাদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধসম্পর্কের নতুন যুগ নির্মাণে সৌদি আরবে এরদোয়ান
পরবর্তী নিবন্ধজাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যেই কিয়েভে জোড়া বিস্ফোরণ