চলতি ইলিশ মৌসুমের আগ মুহূর্তে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূলীয় বঙ্গোপসাগরে অবস্থিত স্থানীয় জেলেদের দখলীয় মৎস্য ফাঁড় সরকার দলীয় নাম ব্যবহার করে একটি পক্ষ দখলে নেওয়ার চেষ্টা ও বিভিন্ন হুমকি ধমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ৪ জুলাই আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঘটনার শিকার জেলেদের পক্ষে স্থানীয় রায়পুর ইউনিয়নের জেলে মোহাম্মদ দিদারুল ইসলাম (৩২)।
আনোয়ারা থানায় লিখিত অভিযোগকারী মৎস্যজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম বলেন, চলতি ইলিশ মৌসুমের ঠিক আগ মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থিত উপকূলের কাছাকাছি প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে স্থানীয় জেলে মহিউদ্দিন, মো. আকতার, মো. নুর আলম, এয়ার মোহাম্মদ, রফিকুল ইসলাম, মো. নুরুজ্জামান, মো. ইউনুছ, ইউসুফ মোহাম্মদ, মো. জাহিদ, মোহাম্মদ নবীসহ কাছাকাছি আমাদের মালিকানাধীন মৎস্য ফাঁড় থেকে সামুদ্রিক মাছ আহরণ করে থাকি। কিন্তু সামপ্রতিককালে স্থানীয় কয়েকজন সরকারি দলের নাম ভাঙিয়ে আমাদের ফাঁড়গুলো জোরপূর্বক দখলের চেষ্টা চালায় এবং বিভিন্ন হুমকি ধমকি প্রদান করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছি।
তবে ফাঁড় দখল চেষ্টাসহ হুমকি–ধমকি প্রদানের অভিযোগ সত্য নয় জানিয়ে অভিযুক্ত মো. হোসেন প্রকাশ বাঁশি বলেন, ফাঁড়ের বিষয়টি নিয়ে দিদারুল ইসলামের সঙ্গে থানায় একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তারা বৈঠকে উপস্থিত হননি। এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে মাছের ফাঁড়ের বিষয় নিয়ে হুমকি ধমকির ঘটনায় থানায় একটি অভিযোগ এবং সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত চলছে ।












