আবার এলো মা তোমার শুভ আগমনীর দিন,
ঢাকের তালে জেগে ওঠে আনন্দ রঙিন।
প্রতি বছর এই সময়ে ফিরে আসো তুমি,
আলো ছড়িয়ে ভরিয়ে দাও হৃদয় মন–ভূমি।
জানো? খুব ভাবি আমি নিভৃত কোনো ক্ষণে,
তুমি থেকেও কেন যেন থাকো না সবার মনে।
ঢাকের বাদ্য বাজে না তো সারাটি বছর
নতুন পোশাকে হই না সবাই উৎসবমুখর।
প্রসাদের সেই মধুর স্বাদও থাকে না প্রতিদিন,
কত ঝঞ্ঝাট! কত রাজনীতি! জীবন কী কঠিনা!
জীবনের টানে সবাই ব্যস্ত আপন আপন কাজে,
তবু তুমি মা নীরবে আছো, সবার হৃদয় মাঝে।
যেই না আসে তোমার আগমনের শুভক্ষণ,
হাসির আলো ছড়িয়ে জাগে হৃদয় স্পন্দন।
তোমার স্নেহের ছায়াতলে খুঁজি পরম ঠাঁই,
সকল দুঃখ ভুলে গিয়ে শান্তি যেন মা পাই।






