শীঘ্রই নগরের আগ্রাবাদ জাম্বুরি মাঠ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, জাম্বুরি পার্কের মাঠটি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও বিভিন্ন কারণে মাঠটি অনুপযোগী হয়ে পড়ে। শিশু–কিশোররা খেলাধুলা করতে পারত না। মাঠটি কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। আমরা উদ্যোগ নিয়ে মাঠটি পুনরুদ্ধার করেছি এবং যেহেতু এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন, তাই নগরবাসীর জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এখানে শিশু–কিশোর, তরুণসহ সকল বয়সের মানুষ খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবে।
গতকাল রোববার আগ্রাবাদ জাম্বুরি পার্ক মাঠের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান।
শাহাদাত জানান, জাম্বুরি মাঠ সুরক্ষিত রাখার জন্য সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী ও আলোকায়নের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া মাঠটি সুষ্ঠুভাবে পরিচালনা ও সংরক্ষণের জন্য ক্রীড়া সংশ্লিষ্টদের নিয়ে একটি পরিচালনা কমিটি গঠন করা হবে। এই কমিটি মাঠের রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করবে।
মেয়র বলেন, আমি ওয়াদা করেছিলাম ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও পার্ক করে দেব। ওয়াদা বাস্তবায়নের অংশ হিসেবে বন্ধ হয়ে যাওয়া আগ্রাবাদের শিশু পার্ক নতুনভাবে চালু করেছি। জাম্বুরি মাঠের একটা অংশ আমরা খেলার জন্য উপযোগী করে প্রস্তুত করেছি। মাঠের অল্প কিছু কাজ বাকি আছে। এখানে দৃষ্টিনন্দন ও আধুনিক মানের একটি খেলার মাঠ নির্মাণ করেছি। খুব অল্প সময়ের মধ্যে এর উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে এবং সেদিন নগরবাসীর অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মাঠটি উদ্বোধন করা হবে।
ডা. শাহাদাত বলেন, খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলার মাঠের বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে মাদকাসক্তি, সন্ত্রাস এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে শিশু–কিশোরদের খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এজন্য প্রতিটি ওয়ার্ডে নিরাপদ ও মানসম্মত খেলার মাঠ নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর হালিশহর এইচ ব্লক মাঠ, হালিশহর বহুরূপী মাঠ, ফিরোজশাহ মাঠ, হালিশহর এস ব্লক মাঠ (বি ব্লক সংলগ্ন), হালিশহর বিডিআর মাঠসহ বেশ কিছু মাঠ উন্নয়ন ও প্রস্তুত করা হয়েছে। এখনো হালিশহর শিশুপার্ক মাঠ এবং হাজী মোহাম্মদ মহসীন কলেজ মাঠের উন্নয়নকাজ চলমান। ভবিষ্যতে আরো অনেকগুলো মাঠ গড়ে তোলার ব্যাপারে কাজ চলছে। ২০টি ফুটসাল নির্মাণে ৪৯ কোটি ৫০ লাখ টাকায় ‘চট্টগ্রাম মহানগরে আধুনিক নগর ক্রীড়া সুবিধা সম্প্রসারণ ও ফুটসাল মাঠ নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্পও নিয়েছি। এতে থাকবে অত্যাধুনিক টার্ফ, সোলার প্যানেলসহ নানা সুবিধা।
তিনি বলেন, একটি আধুনিক, সুস্থ ও মানবিক নগর গড়ে তুলতে শিশু–কিশোরদের খেলাধুলা, বিনোদন ও সামাজিক বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্যতম অগ্রাধিকার।












