আগ্রাবাদে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ মে, ২০২৬ at ৬:৩০ পূর্বাহ্ণ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণের লক্ষ্যে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) অভিযান চালিয়ে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

সিডিএ সূত্র জানায়, লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় আগ্রাবাদ থেকে বিমানবন্দরমুখী আপওয়ার্ড র‌্যাম্প নির্মাণের লক্ষ্যে আগ্রাবাদ ডেবারপাড় এলাকায় ৬০টি স্থাপনাকে অবৈধ হিসেবে চিহ্নিত করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সিডিএর অথরাইজেশন২ ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বাংলাদেশ রেলওয়ে থেকে লিজকৃত ২২ শতক জায়গায় গড়ে ওঠা ৬০টি অবৈধ ও অননুমোদিত স্থাপনার কারণে র‌্যাম্প নির্মাণ ঝুলে ছিল। অবশেষে স্থাপনাগুলো উচ্ছেদ করে জায়গার দখল নিয়েছে সিডিএ। অচিরেই আগ্রাবাদে র‌্যাম্প নির্মাণের কার্যক্রম শুরু হবে বলে সিডিএ সূত্র জানিয়েছে।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আগ্রাবাদ থেকে বিমানবন্দরমুখী আপওয়ার্ড র‌্যাম্প নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের স্বার্থে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের ফলে প্রকল্প বাস্তবায়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর হওয়ার পাশাপাশি নির্মাণকাজ ত্বরান্বিত হবে।

অভিযানকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, অথরাইজড অফিসার২ মো. তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস আক্তার, সহকারী অথরাইজড অফিসার মো. হামিদুল হকসহ সংশ্লিষ্ট ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানকালে হামলা, ইউএনও ওসিসহ আহত ১৫
পরবর্তী নিবন্ধঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট