অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেছে একমাত্র ডিএপি সার কারখানা

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাইঅ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) সারকারখানায় অ্যামোনিয়া সংকটের কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে।

দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি১ ও ডিএপি) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিকভাবে সার উৎপাদন করে যাচ্ছে। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। কিন্তু গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়ে ডিএপি সারকারখানা। এ অবস্থায় শনিবার সন্ধ্যায় কারখানার মজুত ফুরিয়ে গেলে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে পড়ার কারনে কারখানার উৎপাদন ঝুঁকিতে পড়ে। যতটুকু আমাদের মজুদ ছিল তা দিয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত উৎপাদন শেষে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু হলে কারখানার উৎপাদন শুরু করবে।

পূর্ববর্তী নিবন্ধএক্সপ্রেসওয়ের দুই সংকট
পরবর্তী নিবন্ধ১৩ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে চসিকের স্বাধীনতা পদক প্রদান