অনন্তকাল তৃষিত হয়ে

জসিম উদ্দিন মনছুরি | বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

পথিক তুমি উদ্ভ্রান্ত হয়ে আর কতকাল

ককেশাস থেকে সাহারা হিমালয়

আটলান্টিক প্রশান্ত পেরিয়ে

অক্ষহিনী বছর কাটিয়ে

আবার কেন ভিক্ষার ক্ষুধার্ত ঝুলিতে।

হিরে মোড়ানো সিংহাসন, বেশুমার ধন

কিঞ্চিত আনন্দে সুখের এক মুঠো শিহরণ

আপনাকে ভুলে পৃথিবীর মায়াজালে

জন্মজন্মান্তর বেঁচে থাকার স্বপন।

হয়তো এবার তোমার অলীক বাসনা ছুঁড়ে

নয় ছয় গরমিলে,

নক্ষত্ররা যুগে যুগে মরে যায়

মহাকাশের শূন্যস্থান পূরণে

জন্ম নেয় লক্ষ কোটি তারার অলিখিত সন্তান।

তোমার ছিন্ন বসনে, উইপোকার প্রহসন

নিথর দেহে পোকামাকড়ের উল্লাস

অঙ্গপ্রত্যঙ্গ অভুক্ত কীটের তৃপ্তির ভোজন

তবে কেন সঞ্চয় করলে পাপের সিংহাসন?

পথিক তুমি অনন্তকাল তৃষিত হয়ে

মহাসাগরের সবটুকু জল সম্বল বানালে

জলের রাজ্যে তৃষ্ণার্ত জলের আয়োজন।

পূর্ববর্তী নিবন্ধনর কীট
পরবর্তী নিবন্ধচিঠি