রাঙামাটিতে নবায়নযোগ্য জ্বালানি সমপ্রসারণের দাবিতে প্রচারাভিযান ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ফেড), জাবারাং কল্যাণ সমিতি, ক্লিন ও বিডাব্লিউজিইডির যৌথ উদ্যোগে প্রচারাভিযান করা হয়। কর্মসূচি থেকে দেশের সরকারি সকল অবকাঠামোতে রুফটপ সোলার সমপ্রসারণের দাবি এবং আগামী ৫ বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকট, আমদানি নির্ভরতা এবং জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় সরকারি ভবনসমূহের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন শুধু জাতীয় গ্রিডের ওপর চাপ কমাবে না, বরং বিদ্যুৎ ব্যয় হ্রাস, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং স্থানীয় পর্যায়ে সবুজ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের সকল জেলা প্রশাসক কার্যালয়ে ৩ মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপনের নির্দেশনা দিয়েছে। এটি সময়োপযোগী, পরিবেশবান্ধব এবং অর্থনৈতিকভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রুফটপ সোলার সমপ্রসারণের মাধ্যমে স্থানীয় সোলার শিল্প, ইনস্টলেশন খাত, রক্ষণাবেক্ষণ সেবা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহকারী ব্যবসায়ীরা নতুন বাজার ও কর্মসংস্থানের সুযোগ পাবে। এতে করে একটি টেকসই সবুজ অর্থনীতি গড়ে উঠবে। মানববন্ধনে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট রাঙামাটির সভাপতি মুজিবুল হক বুলবুল ও সাধারণ সম্পাদক নুকু চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ গৌরিকা চাকমা, কবি আনন্দ জ্যোতি চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, কবি মুকুল কান্তি ত্রিপুরা, প্রকৌকলী গঙ্গা চাকমা প্রমুখ। কর্মসূচি শেষে রাঙামাটি জেলাপ্রশাসক নাজমা আশরাফীর কাছে স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।












