বাঁশখালীতে মোঃ হাসান হত্যাকাণ্ডের মূলহোতা গ্রেফতার না হওয়া আসামিদেরকে অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার সাধনপুর ২ নম্বর ওয়ার্ডে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বৈলগাঁও নয়াদিঘির পাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সাধনপুর বাণীগ্রাম বাজার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র–শস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোঃ হাসানকে হত্যা করা হয়েছে। আসামিরা প্রভাবশালী হওয়াতে এ ঘটনার প্রায় ১১দিন পেরিয়ে গেলেও ঘটনার মূলহোতা এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি। গ্রেফতার না হওয়া আসামিদেরকে দ্রুত গ্রেফতার পূর্বক ঘটনার সাথে জড়িত সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়। ধরাছোঁয়ার বাইরে থাকা আসামিদের অবিলম্বে গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। এসময় মোঃ ফোরকান, জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা, মোঃ শওকত মোল্লা, কামাল উদ্দীন, জসিম উদ্দিন, মোঃ শওকত, আবুল কাশেম, রফিউল করিম, মোঃ মিশকাতুল ইসলামসহ এলাকার অন্তত কয়েক শতাধিক মানুষ বিক্ষোভ মিছিলে ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, এই পর্যন্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












