নগরীর হালিশহরে একটি ট্রাক থেকে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন– নোয়াখালী জেলার কবিরহাটের মো. দেলোয়ার ও কুমিল্লার মনোহরগঞ্জের মো. রাজা মিয়া। রায় ঘোষণার সময় তারা দু’জন কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন দৈনিক আজাদীকে বলেন, ৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, ২০১৬ সালের ১৮ এপ্রিল নগরীর হালিশহরে চট্টগ্রাম–ড–০৫–০০২৪ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিজ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হলে আদালত তাদের দু’জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।













