সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাসুল (সাঃ) এর শানে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করায় মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কালাবিবি দিঘীর মোড়ে তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আনোয়ারা শাখার যৌথ উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারীর সভাপতিত্বে ও মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা তৈয়ব হালিম, মাওঃ হাবিবুল্লাহ কাসেমী, মাওঃ আবদুল হান্নান, মাওঃ রেজাউল করিম, মাওলানা ছলিম উদ্দিন মাহদী, মাওলানা ইয়াকুব আবদুল্লাহ, মাওঃ এখলাছুর রহমান, মাওলানা আমির হোসেন, মাওঃ তৈয়ব, মাওলানা নুরুল আবছার ও মাওলানা মিজানুর রহমান প্রমুখ। এতে বক্তারা বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন প্রিয় নবীকে নিয়ে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ জগন্য ঘটনার তীব্র নিন্দা ও দায়ী ব্যক্তির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। অভিযুক্ত আনোয়ারা উপজেলার বরুমচড়ার বাসিন্দা ও আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলী ফেসবুকে লাইভে এসে তার অনিচ্ছাকৃত ভুল কমেন্টের জন্য নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং তিনি সব সময় আল্লাহ এবং রাসুলের প্রতি অনুগত দাবি করে বলেন, গত কিছুদিন আগে আমার আইডি হ্যাক হওয়ায় এ ঘটনা ঘটে বলেও দাবি করেন তিনি।












