উখিয়ায় র‌্যাবের অভিযানে আড়াই লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৯ মে, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব১৫। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যায় মাদক কারবারিরা। র‌্যাব১৫ সূত্রে জানা যায়,

উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার একটি বাঁশঝাড়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৮ মে) ভোর সাড়ে চারটার দিকে র‌্যাব১৫ এর একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামত নিয়ম অনুযায়ী জব্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও অন্যান্য আলামত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র‌্যাব১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. . ফারুক বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যাব১৫ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা
পরবর্তী নিবন্ধহেফাজতে ইসলাম আনোয়ারা শাখার বিক্ষোভ সমাবেশ