কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বিকেলে ফটিকছড়ি উপজেলার জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর উপলক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে মাহবুবুর রহমান শামীম হাটহাজারী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা পরিষদ ডাকবাংলো, হাটহাজারী সরকারি কলেজ মাঠ এবং সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচির অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। পরে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে নির্মিত হেলিপ্যাডও পরিদর্শন করেন। এরও আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) নগরীর র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত সাংগঠনিক সভার অডিটোরিয়াম পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারওয়ার উদ্দিন সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। প্রেস বিজ্ঞপ্তি।












