চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেছেন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে একটি আধুনিক ও মডেল সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এজন্য হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা–কর্মচারীদের নিয়ম–শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের পাশাপাশি রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে।
তিনি গত ১৯ সেপ্টেম্বর জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে কর্মরত নার্স ও স্টাফদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, হাসপাতালে কোনো দলীয় প্রভাব চলবে না। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা সবাই একটি পরিবারের মতো কাজ করছি। হাসপাতালকে মডেল প্রতিষ্ঠানে রূপ দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নার্স ও অন্যান্য স্টাফের স্বল্পতা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। দায়িত্ব পালনে কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের সঙ্গে ভালো আচরণ ও আন্তরিক সেবা নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব। হাসপাতালের উন্নয়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা–কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালকে কাঙ্খিত পর্যায়ে উন্নীত করা সম্ভব।
জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভাইস–চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ডা. এস এম সরোয়ার আলম, ডা. মোস্তাফিজুর রহমান, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, ডা. ইফতেখার আদনান ও কে এম ইমরান এমি। বক্তব্য রাখেন হাসপাতালের সিএমও ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানা, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান। সভায় স্টাফ ও নার্সদের পক্ষে প্রতিনিধিরা বক্তব্যে হাসপাতালের দৈনন্দিন সেবাদান কার্যক্রম, জনবল ও কর্মপরিবেশসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভায় হাসপাতালের সেবার মানোন্নয়ন, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত এবং রোগীবান্ধব পরিবেশ তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











