বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। ম্যাচটি বাংলাদেশ সময় আজ শনিবার দিবাগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নকআউট পর্বে মেক্সিকোকে ৩–২ গোলে হারিয়ে ইংল্যান্ড শেষ আটে জায়গা করে নিয়েছিল। অন্যদিকে, নরওয়ে চমক দেখিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে।
কোচ টমাস টুখেলের অধীনে ইংল্যান্ড দল এখন বেশ ছন্দে রয়েছে। তবে দলে কিছুটা চোটের দুশ্চিন্তা রয়েছে। শেষ ষোলোর ম্যাচে জুড বেলিংহাম এবং হ্যারি কেনের দুর্দান্ত পারফরম্যান্সে তারা মেঙিকোকে হারায়। অন্যদিকে, নরওয়ে এই বিশ্বকাপের অন্যতম ‘ডার্ক হর্স’। তাদের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড এবং অধিনায়ক মার্টিন ওডেগার্ড নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে এসেছেন। এই ম্যাচে বিশ্ব ফুটবলের দুই সেরা স্ট্রাইকারের দ্বৈরথ দেখা যাবে। নরওয়ের আর্লিং হালান্ড ইতিমধ্যে ৭টি গোল করে গোল্ডেন বুট জয়ের পথে এগিয়ে আছেন। অপরদিকে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন ৬টি গোল নিয়ে তার ঠিক পেছনেই অবস্থান করছেন। উভয় দলে ৯ জন প্রিমিয়ার লিগের খেলোয়াড় থাকায় দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে দারুণ বোঝাপড়া ও পরিচিতি রয়েছে। হালান্ড, ওডেগার্ড, কাইল ওয়াকার এবং বুকায়ো সাকার মতো তারকারা একে অপরের বিপক্ষে মাঠে নামবেন। তবে ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। উভয় দলের আক্রমণভাগের শক্তিমত্তা বিবেচনা করলে এই ম্যাচে ৩টির বেশি গোল হওয়ার সম্ভাবনা খুব বেশি।
তবে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুশ্চিন্তায় পড়েছে থ্রি লায়ন্সরা। দলের দুই তারকা মার্ক গেহি ও ডেক্লান রাইসের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এটি কোচ টমাস টুখেলের পরিকল্পনা ও কৌশলে বড় প্রভাব ফেলতে পারে। সেন্টার–ব্যাক মার্ক গেহি বর্তমানে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন। চোটের কারণে দলের অনুশীলনেও নামতে পারেননি তিনি। তবে গেহি খেলতে না পারলে বিকল্প ব্যবস্থা প্রস্তুত আছে। অভিজ্ঞ জন স্টোন্স ও ড্যান বার্ন ব্যাক–আপ হিসেবে তৈরি আছেন। দুশ্চিন্তা আছে মিডফিল্ডের বড় ভরসা ডেক্লান রাইসকে নিয়েও। অসুস্থতার কারণে তিনি শেষ দুই দিন অনুশীলনে অংশ নিতে পারেননি। এছাড়া পুরো টুর্নামেন্ট জুড়েই হ্যামস্ট্রিং ও পিঠের ব্যথায় ভুগছেন এই আর্সেনাল তারকা। অবশ্য কোচ টুখেল আশাবাদী, ম্যাচের আগেই গেহি ও রাইস সুস্থ হয়ে উঠবেন। ইংল্যান্ড শিবিরের জন্য একমাত্র স্বস্তির খবর রিস জেমসের ফেরা। দীর্ঘ বিরতির পর তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিয়েছেন। নরওয়ের বিপক্ষে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা প্রবল। গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচের পর থেকেই মাঠের বাইরে ছিলেন এই রাইট–ব্যাক।











