নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে

আ. লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশে সাঈদ আল নোমান এমপি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:১৪ পূর্বাহ্ণ

যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, আমাদের কাছে দেশ এবং দেশের মাটিই মুখ্য। কোনো পলাতক শক্তি কোনো ফ্যাসিস্ট কোনো প্রত্যাখ্যাত বিতাড়িত কাউকে নিয়ে বেশি আলোচনা করে এত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকায় এলাকায় যেসব ফ্যাসিস্ট এখনো মাথাচাড়া দিতে চাচ্ছে তাদের প্রতিরোধ–প্রতিহত করতে হবে রাজনীতির মাধ্যমে। কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেব না। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে নগরের লালখান বাজার মোড়ে ‘আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রে’র প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশ শেষে সাঈদ আল নোমানের নেতৃত্বে গণমিছিল বের হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়।

সাঈদ আল নোমান বলেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি বোমাবাজি করছে। তারা আমাদের ছোট ছোট সন্তানদের হাতে ককটেল, পটকা, বোমা তুলে দিচ্ছে। অথচ তাদের হাতে বই থাকার কথা। দু–চারজন ছোট সন্তানকে দিয়ে বোমাবাজি করে, পটকা ফাটিয়ে তাণ্ডব করে কী ফজিলত তারা অর্জন করতে চায় জানি না। শিশুদের জীবন ধ্বংস করে দিচ্ছে শুধু। তারা জালিম। তাদের রাজনীতি জালিমের রাজনীতি। মানবতা, উন্নয়ন আর মানুষের রাজনীতির মাধ্যমে জালিমের রাজনীতি ধ্বংস করে দিতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র কিংবা নৈরাজ্যের মাধ্যমে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণের শক্তিতে প্রতিরোধের প্রত্যয়। তিনি বলেন, ব্যক্তি বা দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত দেশের স্বার্থ রক্ষা করা। আমাদের স্লোগান ‘ষড়যন্ত্রের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’। দেশ ও জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।

সাঈদ আল নোমান বলেন, রাজনীতি আমাদের কাছে উন্নয়নের। রাজনীতি আমাদের কাছে ইবাদতের। জনসেবার। আমরা জনগণের পাশের থাকলে জনগণও আমাদের পাশে থাকবে। তখন আর ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারবে না। প্রতিবাদ প্রতিরোধ প্রতিহত করার বিষয়ও থাকবে না। আমরা শুধু মানুষের সুখে–দুঃখে তাদের পাশে থাকব। দল, ধর্ম–বর্ণ নির্বিশেষে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করব। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, শফিকুর রহমান স্বপন, শাহ আলম, এস কে খোদা তোতন।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্নস্থানে কঠিন চীবর দানোৎসব