হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, ব্যাখ্যা চান বোন মাসুমা

| শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:১২ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের কীভাবে বাদী হলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের বোন মাসুমা হাদি। গতকাল শুক্রবার সকালে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমার ভাই যেদিন গুলিবিদ্ধ হলো, সেই সংবাদ শোনা মাত্র আমি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেই এবং সরাসরি এভার কেয়ার হাসপাতালে চলে যাই। হাসপাতালে যাওয়ার পর থেকে এক মিনিটের জন্য আমি হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়া তো দূরের কথা, ওসমান গণিকে ছেড়ে ১ মিনিটের জন্য আমি নিচতলায় পর্যন্ত যাইনি। এখন আমার প্রশ্ন, প্রশাসনের লোক এভার কেয়ারে এসে জাবেরের কাছ থেকে সাইন নিল কেন? আর আমি উপস্থিত থাকাকালীন জাবের সাইন দিবে কেন? এ নিয়ে আমি বহুবার প্রশ্ন করেছি। খবর বিডিনিউজের।

মাসুমা হাদি বলেছেন, আমাকে বুঝানো হয় যে, ওমরের (হাদির বড় ভাই) কাছে নাকি গিয়েছিল, ওমর বলছে-‘এখন আমরা চিকিৎসা নিয়ে ব্যস্ত। চিকিৎসা সম্পন্ন হলে এই বিষয়গুলো দেখা যাবে। চিকিৎসা ব্যতীত এই মুহূর্তে আর কিছু ভাবতে পারছি না।’ উল্লেখ্য যে, এ ধরনের অতি গুরুত্বপূর্ণ ফৌজদারী মামলায় বাদীর ঘরে স্বাক্ষর আগেপরে করা নিয়ে কোন আইনি জটিলতা নেই। এমনকি বাদীপক্ষ থানায় মামলা না করলেও পুলিশ উক্ত ঘটনাকে কেন্দ্র করে সকল প্রকার আইনি কার্যক্রম চালাতে পারে। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

২০২৫ সালের ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে আততায়ীর গুলিতে মারাত্মক আহত হন তিনি। পরে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। এর মধ্যে গত মঙ্গলবার ওসমান হাদির বড় ভাই ওমর হাদি ফেসবুকে দুটি পোস্টে দাবি করেন, ওসমান হাদি হত্যায় বিএনপি, জামায়াত ও অন্তর্বর্তী সরকারের লোকজন জড়িত। এরপর তাকে নিয়ে সোশাল মিডিয়ায় আক্রমণ শুরু হলে পরদিন এক পোস্টে তিনি লেখেন, ‘শহীদ ওসমান হাদি হত্যা মামলা তদন্তাধীন থাকায় আমার পোস্ট প্রত্যাহার করে নিলাম।’ হাদি হত্যার পর ওমর হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধহঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন, পুড়ে নিঃস্ব ৩ পরিবার