হলের কক্ষে আটকে ছেড়ে দেওয়া হয় মাকড়সা, অসুস্থ ছাত্রী

তিন সিনিয়রের বিরুদ্ধে লিখিত অভিযোগ

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয়–২৪ হলের একটি কক্ষে এক নারী শিক্ষার্থীকে আটকে রেখে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে একই হলের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হয়।

জানা যায়, ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী শিক্ষার্থীকে তার রুমমেটরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে (চবি মেডিকেল) নিয়ে যায়। অভিযুক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী। আর ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে পড়েন। খবর বাংলানিউজের।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হল প্রশাসন সূত্র জানায়, ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় ২৪’ হলের নিচতলার একটি কক্ষে থাকেন। সোমবার রাতে তাকে নিজেদের কক্ষে ডেকে নেন তিন সিনিয়র শিক্ষার্থী। সেখানে দরজা বন্ধ করে তার পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়া হয়। এতে ভয়ে চিৎকার করে ওঠেন ওই ছাত্রী। কক্ষ থেকে বের হওয়ার সময় তাকে কটূক্তিও করা হয়। পরে আতঙ্কে তার বমি ও বুকে ব্যথা শুরু হয়। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী। এতে তিনি উল্লেখ করেন, রাত ১০টার দিকে আমাকে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন তিনজন। পরে আমার পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেন। এ মাকড়সা তারা আগে থেকে একটি বাটিতে বন্দী করে রেখেছিলেন। আমার মাকড়সার ফোবিয়া (ভীতি) সম্পর্কে হলের ব্লকের সবাই অবগত। সুতরাং স্পষ্টতই এটি পূর্বপরিকল্পিত। আমি এ ঘটনার পর হলে নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না, আমি সেই নিশ্চয়তা চাই। তবে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে আবেদন করেছেন অভিযুক্ত তিন শিক্ষার্থী। তারা বলেন, তারা মাকড়সার প্রতি ভুক্তভোগীর তীব্র ভীতির বিষয়টি আগে জানতেন না। নিছক মজা করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। এ জন্য তারা ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

জানতে চাইলে বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ফিরোজা আক্তার খানম বলেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় আমি, প্রক্টর ও আবাসিক শিক্ষকেরা উভয় পক্ষকে ডেকেছিলাম। অভিযুক্ত তিনজন আমার সামনে ক্ষমা চেয়েছেন। তিনজনের কাছ থেকে আমরা মুচলেকাও নিয়েছি। ভবিষ্যতে এরকম কোনো অভিযোগ এলে আমরা কঠোর পদক্ষেপ নেব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষার্থীরা ঘটনাটির বিষয়ে অনুতপ্ত। আজ (বুধবার) আমরা আবারও বৈঠক করেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন, সিএমপিতে নতুন ডিসি
পরবর্তী নিবন্ধএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন