অফিসের আনন্দযাত্রায় গিয়েছিলাম কক্সবাজার সমুদ্রসৈকতে। চারদিকে উচ্ছ্বাস, কোলাহল, হাসি আর ছবি তোলার ধুম। অথচ এই বিপুল জলরাশির সামনে গিয়ে আমার মন কেমন যেন বিষণ্ন হয়ে ওঠে। একের পর এক ঢেউ ছুটে আসছে, আছড়ে পড়ছে বালুচরে, আবার ফিরে যাচ্ছে অতলান্তে। শোঁ শোঁ, শাঁ শাঁ শব্দে সমুদ্র যেন কী এক অজানা শোকে বিলাপ করে চলেছে। মনে হয়, তার বুকেও বুঝি জমে আছে হাজার বছরের কোনো দীর্ঘশ্বাস। কিন্তু কার জন্য এই কান্না? কীসের এত হাহাকার?
ওই যে ওয়াচিং সিটে পাশাপাশি হেলান দিয়ে শুয়ে আছে একজোড়া কপোত–কপোতী। দুজনের চোখ স্থির দিগন্তে। পাশাপাশি থেকেও যেন কত দূরে! ওরা কি জীবনের কোনো অমীমাংসিত হিসাব মেলাচ্ছে? ভালোবাসার আড়ালে জমে থাকা অভিমানগুলো কি ঢেউয়ের কাছে জমা রাখছে? নাকি অনাগত কোনো দিনের স্বপ্ন বুনছে নীল জলরেখায়?
কিছুটা দূরে দশ–এগারো বছরের একটি মেয়ে আমলকি বিক্রি করছে। সমুদ্রের এমন অপরূপ সৌন্দর্য, আকাশের এত রং, ঢেউয়ের এমন মাতাল করা ছন্দ কিছুই যেন তাকে স্পর্শ করছে না। ক্রেতার অপেক্ষায় তার চোখ। মনে প্রশ্ন জাগে, ক্ষুধার কাছে কি সৌন্দর্য পরাজিত হয়? ঢেউ গোনার বয়সে তাকে গুনতে হচ্ছে দিনের উপার্জন। প্রকৃতি তাকে দিয়েছে সৈকত, জীবন দিয়েছে জীবিকার দায়।
আরও একটু দূরে একা বসে আছে একজন। পাশে কেউ নেই, মুখে কোনো অভিব্যক্তি নেই। সমুদ্রের দিকে তাকিয়ে আছে একদৃষ্টে। সে কি কারও অপেক্ষায়? নাকি অপেক্ষা করার মানুষটিই একদিন হারিয়ে গেছে? হয়তো তার কাছে সমুদ্র শুধু জলরাশি নয়, বুকের ভেতর জমে থাকা কথাগুলো ভাসিয়ে দেওয়ার এক নিঃশব্দ ঠিকানা।
একটি ছোট শিশু বাবার হাত ধরে ঢেউয়ের দিকে ছুটছে। তার হাসিতে সমুদ্রও যেন আনন্দে ঝলমল করে ওঠে। অথচ একটু দূরেই এক বৃদ্ধ একা বসে আছেন, চোখে দূরের দৃষ্টি। একই সৈকত, একই ঢেউ কারও কাছে আনন্দের উচ্ছ্বাস, কারও কাছে স্মৃতির দীর্ঘশ্বাস!
আমি ফিরে তাকাই আমাদের আনন্দমুখর দলের দিকে। সবাই হাসছে, গল্প করছে, ছবি তুলছে, খেলছে। চারদিকে উৎসবের আমেজ। অথচ এই একই বালুচরে ছড়িয়ে আছে কত অদেখা মুখ, কত অচেনা মন, কত না–বলা বেদনার গল্প! কারও হাসির আড়ালে অভিমান, কারও নীরবতার ভেতর দীর্ঘ বিচ্ছেদ, কারও ব্যস্ততার পেছনে বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম।
হঠাৎ মনে হয়, সমুদ্র শুধু জল দিয়ে তৈরি নয়; মানুষের চোখের জল, বুকের দীর্ঘশ্বাস আর অপূর্ণ স্বপ্ন দিয়েও তার এক অদৃশ্য মানচিত্র আঁকা। সমুদ্র বিরামহীন কাঁদে, মানুষ কাঁদে নীরবে। শুধু কান্নার ভাষা আলাদা।
আজ বুঝি, সমুদ্র দেখতে এসে আসলে দেখে গেলাম মানুষের ভেতরে জমে থাকা কতগুলো সমুদ্র।












