সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব–১৩ ফুটবল টুর্নামেন্টের রবিন লিগ পর্ব শেষ হয়েছে। রবিন লিগ শেষে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে আকুবদন্ডী ফুটবল একাডেমি, ডায়নামিক ফুটবল একাডেমি, বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি এবং রামপুর ফুটবল একাডেমি। রবিন লিগের শেষ দিনে গতকাল শনিবার অনুষ্ঠিত খেলায় জয় পেয়েছে আকুবদন্ডী ফুটবল একাডেমি ও রামপুর ফুটবল একাডেমি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দুপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের রবিন লিগ পর্বের ৫ম ম্যাচে আকুবদন্ডী ফুটবল একাডেমি ২–০ গোলে স্বাধীন বাংলা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা জিহান বিন জসিম ও মাহাথির হাসান মুরসি। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আকুবদন্ডীর মাহাথির হাসান মুরসি। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এবং খেলা পরিচালনা কমিটির আহবায়ক কাজী মোহাম্মদ জসীম উদ্দিন। একই মাঠে রবিন লিগ পর্বের ৬ষ্ঠ ম্যাচে রামপুর ফুটবল একাডেমি ২–১ গোলে বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী রামপুর দলের পক্ষে নুরুল হুদা তানভীর ও মোহাম্মদ ১টি করে গোল করে। অন্যদিকে বিজিত বড়উঠান দলের হয়ে ইফতেখার ইসলাম গোল করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রামপুর দলের নুরুল হুদা তানভীর। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খান। রবিন লিগে গ্রুপ-‘জি’ থেকে আকুবদন্ডী ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন এবং ডায়নামিক ফুটবল একাডেমি রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছে। গ্রুপ-‘এইচ’ থেকে রামপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন এবং বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি রানার্স আপ হয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে। উল্লেখ্য চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।









