সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় অবস্থিত প্রভিটা ফিড এন্ড হ্যাচারিজ লিমিটেড ফ্যাক্টরিতে ফিডের মালামাল কাভার্ডভ্যানে তোলার সময় মাথায় ভর্তিকৃত ভারি বস্তা পড়ে এক বৃদ্ধ শ্রমিক (৬৪) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভিটা গ্রুপের মালবাহী কাভার্ডভ্যানে ফিডের ভারি বস্তা তুলছিলেন মোঃ ইউসুফ নামের এক শ্রমিক। এসময় মাথায় ভর্তিকৃত বস্তা পরে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মোঃ ইউসুফ চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন এলাকার আব্দুল মান্নান প্রধানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করে আসছেন।
এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম বলেন, প্রভিটা ফিড এন্ড হ্যাচারিজ লিমিটেড ফ্যাক্টরিতে ফিডের মালামাল তোলার সময় মাথায় ভর্তিকৃত বস্তা পড়ে মোঃ ইউসুফ নামের এক শ্রমিক আহত হলে তাঁকে কর্তৃপক্ষ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।













