৩৬ দিন বন্ধ থাকার পর অবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রাবাসও খুলে দেয়া হয়েছে। গতকাল (৫ ডিসেম্বর) ২য় বর্ষের শিক্ষার্থীদের প্রধান ছাত্রাবাসে তুলে দেয়া হয়। এর আগের দিন নাছিরাবাদ হোস্টেলে উঠে প্রথম বর্ষের শিক্ষার্থীরা। আজ (৬ ডিসেম্বর) প্রধান ছাত্রাবাসে ৩য় বর্ষের শিক্ষার্থীদের উঠানো হবে। পরদিন উঠবে ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা। ছাত্রদের হোস্টেল খোলার তথ্য নিশ্চিত করে প্রধান ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ও হোস্টেল কমিটির সদস্য সচিব ডা. রিজোয়ান রেহান আজাদীকে বলেন, ছাত্রদের জন্য হোস্টেল খুলে দেয়া হয়েছে। আমরা বর্ষ ভিত্তিক ধাপে ধাপে শিক্ষার্থীদের হোস্টেলে তুলছি। তবে মামলার আসামি এবং বহিষ্কৃত শিক্ষার্থীরা আপাতত হোস্টেলে সিট বরাদ্দ পাচ্ছে না।
প্রসঙ্গত, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় গত ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই দিন থেকে বন্ধ ছিল ছাত্রাবাসও। গত ২৩ নভেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার করে চমেক কর্তৃপক্ষ। এছাড়া ২৭ নভেম্বর থেকে কলেজ খোলার সিদ্ধান্তও নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২৭ নভেম্বর থেকে চমেকের শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। এর আগের দিন (২৬ নভেম্বর) ছাত্রীদের হোস্টেল খুলে দেয়া হয়। তবে কলেজ ও ছাত্রী হোস্টেল খুললেও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রদের হোস্টেল বন্ধ রাখা হয়। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষ ছাত্রাবাসের ছাত্রদের আগের বরাদ্দ বাতিল করে পুনরায় নতুন করে আবেদন করতে বলা হয়। হোস্টেল কমিটি যাচাই বাছাই করে ছাত্রদের সিট বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।













