সিকিউরিটিজ আইন পরিপালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:২১ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) আয়োজনে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের ট্রেনিং হলে তার ঢাকাস্থ ট্রেক হোল্ডার কোম্পানিজের কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রিপ্রেজেনটেটিভদের জন্য দুই দিনের সিকিউরিটিজ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির শুরু করে। প্রশিক্ষণ পরিচালনা করেন কমপ্ল্যায়েন্স, ইন্সপেকশন এন্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, দেওয়ান জাহিদুল ইসলাম ও মোঃ রবিউল আউয়াল। এতে উপস্থিত ছিলেন, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, ডিজিএম এন্ড হেড অফ আইটি সার্ভিসেস হাসনাইন বারি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসইর ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ।

অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দ সিকিউরিটিজ আইনের যাবতীয় বিষয়গুলো নিয়ে তাদের উপস্থাপনা প্রদান করেন। আইনের সামপ্রতিক পরিবর্তন, পরিবর্ধন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে রিপোর্ট তৈরি করার বিষয়ে তারা আইনের সংশ্লিষ্ট ব্যাখ্যা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন রিপোর্ট তৈরি করতে গিয়ে প্রতিনিয়ত যে ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে সে বিষয়ে বিস্তারিত স্বচ্ছ ধারণা দেয়া হয়। স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, সামপ্রতিক সময়ে আমরা একটি ট্রান্সফরমেশন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছি। এই সময়ে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজেদের পেশাদারিত্ব বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদিতে অংশগ্রহণ করা এবং নিজেদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার ও মতামত বিনিময়ের মাধ্যমে দক্ষতা বাড়ানো। দক্ষতা ছাড়া পুঁজিবাজারের আইনের সাথে সংশ্লিষ্ট কাঠামোগুলোর বাস্তবিক প্রয়োগ করা কঠিন। একটি মজবুত পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেগুলেটরি কাঠামোতে স্বচ্ছতা। কেননা রেগুলেটরি কাঠামোর উপরেই নির্ভর করে একটি ব্যবসার সফলতা। একটি শক্তিশালী ও স্বচ্ছ রেগুলেটরি কাঠামো একটি প্রতিষ্ঠানের বিশ্বস্ততাকে বিনিয়োগকারীর কাছে একই সাথে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করে। যে প্রতিষ্ঠান কমপ্লায়েন্স এর নিয়ম কানন পালনের ব্যাপারে যত দক্ষ সে প্রতিষ্ঠান তত বেশি সফল, স্বচ্ছ এবং পেশাদারি বৈশিষ্ট্যের অধিকারী। তিনি উল্লেখ করেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সিকিউরিটিজ আইন কানুন পরিপালনের ব্যাপারে আপনারা আরও সচেষ্ট হবেন এবং এক্ষেত্রে প্রয়োজনে আরও স্বচ্ছ ধারণার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদের সার্বিক সহযোগিতা প্রদান করবো। অনুষ্ঠানটির প্রশ্নোত্তর পর্বে তারা আইন পরিপালকালীন সময়ে যেসব বিষয়ে দ্বিধাগ্রস্থ হন সেগুলোর সঠিক ব্যাখ্যা গ্রহন করেন। অনুষ্ঠানটি খুবই ফলপ্রসূ ও সময়োপযোগী হয়েছে বলে অংশগ্রহণকারীরা অভিমত পোষণ করেন । তারা এ ধরনের অনুষ্ঠান নিয়মিত বিরতিতে আয়োজন করার জন্য সিএসইর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধত্রিতরঙ্গের শ্রাবণ সাঁঝের আয়োজন ‘শ্রাবণের মেঘগুলো’
পরবর্তী নিবন্ধপাঁচলাইশ স্কুলে ‘স্কুল হেলথ কার্ড’ ক্যাম্পেইন ও ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপসের প্রচারণা