চিটাগং স্টক এক্সচেঞ্জের আয়োজনে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)এর মাল্টিপারপাস হলে গতকাল রোববার ষষ্ঠবারের মত ২ দিন ব্যাপী কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে। এতে সিএসই এবং ডিএসইর ট্রেক ও পুঁজিবাজারের অন্যান্য প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উদ্ধোধন করেন বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক। উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, বিএসইসির নির্বাহী পরিচালক মো. আবুল কালাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। উদ্ধোধনী বক্তব্যে বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক দেশে প্রথমবারের মতো কমোডিটি এঙচেঞ্জ স্থাপনের জন্য সিএসইর ঐকান্তিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। দেশের বর্তমান মার্কেট কাঠামো যে অবস্থায় আছে সে অবস্থাতেই যে কোন পয়েন্ট থেকেই কমোডিটি এঙচেঞ্জ স্থাপন এবং এর চালুকরণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, সিএসই ইতিমধ্যে অধিকাংশ কাজ সম্পন্ন করেছে এবং বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য বিএসইসি নীতিগত ভাবে সম্মত। তিনি আশা করেন, খুব অল্প সময়ের মধ্যে বাকি কাজগুলো সম্পন্ন করে ফিউচারস উইথ ক্যাশ সেটেলমেন্টের মাধ্যমে দেশে প্রথমবারের মতো কমোডিটি এঙচেঞ্জ যাত্রা শুরু করবে। তিনি বলেন, ২দিন আসলে খুব কম সময় কমোডিটি মার্কেট সম্পর্কে পুরোপুরি জানার জন্য। তবে এ ধরনের বুনিয়াদি কোর্স পরবর্তী পদক্ষেপ গ্রহনে আপনাদেরকে পথ দেখাবে। এই প্রশিক্ষণের মাধ্যমে জানা বিষয়গুলোর উপর আপনারা চর্চা অব্যাহত রাখবেন এবং নিজেকে প্রস্তুত করবেন কমোডিটি মার্কেটে সক্রিয়ভাবে অংশগ্রহনের জন্য।












